ইটনা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন

স্টাফ রিপোর্টার | ইটনা
জুলাই ৭, ২০২৬
ইটনা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন

কিশোরগঞ্জের ইটনা উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গত ৮ জুন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক আদেশে সাত সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটির সভাপতি করা হয়েছে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন।

কমিটিতে বাকি পাঁচজনকে সদস্য করা হয়েছে। তারা হলেন, ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার ও স্থানীয় ক্রীড়াবিদ মোহাম্মদ সালাউদ্দিন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল রাখা, স্থানীয় পর্যায়ে খেলাধুলার উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও ক্রীড়া কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এডহক কমিটি গঠন করা হয়েছে।

কমিটি নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম ও গঠনতন্ত্রে উল্লেখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে।

সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, খেলাধুলার প্রসার, নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করা এবং নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে।

ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন, নতুন এডহক কমিটির মাধ্যমে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে নতুন গতি ফিরবে এবং স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তারা প্রত্যাশা করছেন।

ইটনা'র অন্যান্য খবর

সর্বশেষ