মালয়েশিয়ার কর্মস্থলে কটিয়াদীর যুবকের মৃত্যু, মেয়েকে কোলে নেওয়া হলো না

মাসুম পাঠান | কটিয়াদী
অক্টোবর ২, ২০২৬
মালয়েশিয়ার কর্মস্থলে কটিয়াদীর যুবকের মৃত্যু, মেয়েকে কোলে নেওয়া হলো না

পরিবারের সচ্ছলতা ফেরাতে মালয়েশিয়ায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কিশোরগঞ্জের কটিয়াদীর যুবক মিজানুর রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে তিনি মারা যান।

মারা যাওয়া প্রবাসী মিজানুর রহমান কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের আচমিতা গ্রামের মো. মিলন মিয়ার ছেলে।

তার মৃত্যুর খবরে পরিবারটিতে শোকের মাতম চলছে। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারি এলাকার পরিবেশ।

মিজানুর রহমানের বাবা মো. মিলন মিয়া জানান, পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি জীবিকার তাগিদে গত ১৫ বছর ধরে বিদেশে কর্মরত ছিল মিজান। মালয়েশিয়ায় কাজ করে উপার্জনের মাধ্যমে পরিবারকে আর্থিক সহযোগিতা করতো।

মিজানুর রহমান দেড় বছর বয়সী এক কন্যা সন্তানের বাবা। মেয়ের জন্মের পর মিজান আর বাড়ি আসতে পারেনি। ফলে আদরের মেয়েকে দেখতে পায়নি ও কোলে নিতেও পারেনি।

মো. মিলন মিয়া বলেন, আমার আদরের নাতনী জন্মের পর তার বাবাকে দেখতে পায়নি এবং কখনো কোলে উঠা তার ভাগ্যে জুটেনি। আমার ছেলের মরদেহ দ্রুত মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।

মিজানের সহকর্মী প্রবাসী মোহাম্মদ উজ্জল মিয়া জানান, মিজানুর রহমান মালয়েশিয়ার এল এন্ড এল মেটাল স্টেইনল্যাস স্টিল মিল নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

আচমিতা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য শামসুজ্জামান সোয়েব জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় মিজানুর রহমানের মৃত্যুর সংবাদ পেয়েছি। বাড়িতে তার নববিবাহিতা স্ত্রী ও দেড় বছর বয়সী এক শিশু কন্যা রয়েছে। তার অসহায় পরিবারের জন্য সহযোগিতা কামনা করছি।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ