দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় কিশোরগঞ্জের কটিয়াদীতে হাওরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার করগাঁও হাওরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাওরের পানিতে পোনামাছ অবমুক্ত করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সহসভাপতি মিজানুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজ লস্কর এবং স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পোনামাছ অবমুক্ত করার সময় প্রধান অতিথি এডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিলুপ্তপ্রায় মাছের প্রজাতি সংরক্ষণে পোনামাছ অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উন্মুক্ত জলাশয়ে নিয়মিত পোনামাছ অবমুক্ত করা হলে মাছের প্রজনন ও উৎপাদন বাড়বে। এতে স্থানীয় মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যনির্ভর গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং দেশীয় মাছের বৈচিত্র্য ধরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে প্রজনন মৌসুমে মাছ শিকার ও জলাশয়ে অবৈধভাবে মাছ ধরার প্রবণতা বন্ধে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।