কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জামায়াতের মানববন্ধন

মাসুম পাঠান | কটিয়াদী
অক্টোবর ৭, ২০২৬
কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জামায়াতের মানববন্ধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলা জামায়াতের আয়োজনে বুধবার (৭ অক্টোবর) বিকালে কটিয়াদী বাজারের রিকশার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচি শেষে বাজারের বিভিন্ন স্থানে পথচারী ও স্থানীয় মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার, ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নূরী, পৌর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম মাস্টারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগাম জনসচেতনতা সৃষ্টি করা জরুরি। এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে স্থানীয় মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ