কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির সামনে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে নুসাইবা (২) ও আদিবা (৩) নামের দুই শিশু মারা গেছে। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আনোয়ারখালী গ্রামে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর এই ঘটনাটি ঘটে।
দুই শিশুর মধ্যে নুসাইবা আনোয়ারখালী এলাকার সিদ্দিক হোসেনের মেয়ে ও আদিবা পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার শফিক মিয়ার মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্থানীয় সূত্র জানায়, শফিক মিয়ার স্ত্রী মরিয়ম ডেল্টা ফার্মাতে চাকরি করেন। কর্মস্থলে যাতায়াতের সুবিধার্থে তিনি প্রায়ই বাবার বাড়ি আনোয়ারখালী গ্রামে অবস্থান করেন। তখন তার সঙ্গে তার তিন বছর বয়সী শিশুকন্যা আদিবা থাকে।
শনিবার (৩ অক্টোবর) সকালে ঘুম থেকে জেগে আদিবা তার মামাতো বোন নুসাইবার সঙ্গে বাড়ির সামনে ডোবার পাশে খেলছিল। খেলার একপর্যায়ে দুজনেই ডোবার পানিতে পড়ে যায়।
দুই শিশুর খোঁজ করতে গিয়ে পরিবারের সদস্যরা তাদের পুকুর থেকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।