পাকুন্দিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আবু হানিফ | পাকুন্দিয়া
সেপ্টেম্বর ২৯, ২০২৬
পাকুন্দিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা এডভোকেট মো. জালাল উদ্দিন।

সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি, ইভটিজিং ও যানজটসহ বিভিন্ন অপরাধ ও জনদুর্ভোগ নিরসনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভা শুরুর আগে প্রজেক্টরের মাধ্যমে গত মাসের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরা হয়।

পরে গত এক মাসে উপজেলায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির বিবরণ তুলে ধরে স্বাগত বক্তব্য দেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে হবে। এবারের এসএসসি পরীক্ষায় যেসব বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আগামী মাসের সভায় এদিনের আলোচনায় নেওয়া সিদ্ধান্তগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে, তারও পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে সরকার, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

উপজেলার উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে জালাল উদ্দিন এমপি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নকাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার কোনো কাঁচা রাস্তা থাকবে না। ব্রহ্মপুত্র নদে একটি সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে এবং হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হচ্ছে। পাশাপাশি পাকুন্দিয়া পৌরসভাকে ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করার জন্য ডিও লেটার দেওয়া হয়েছে।

সভায় অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজিব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এরফান উদ্দিন মাস্টার ও এমদাদুল হক মাসুদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছুদ্দিন, পাকুন্দিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দিন আহমেদ মানিক, হেফাজতে ইসলাম পাকুন্দিয়া উপজেলা শাখার আমির মাওলানা রশীদ আহমাদ জাহাঙ্গীর হুসাইনী এবং বাহাদিয়া নাজেমী মাদ্রাসার সুপার মো. আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ