হাওরে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গাজীপুরের এপিপি নিহত, আহত ৪ আইনজীবী

স্টাফ রিপোর্টার | অষ্টগ্রাম
সেপ্টেম্বর ১১, ২০২৬
হাওরে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গাজীপুরের এপিপি নিহত, আহত ৪ আইনজীবী

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পর্যটকবাহী একটি পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের অষ্টগ্রাম উপজেলার ভাতশালা সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনাটি ঘটে।

নিহত মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ছিলেন।

আহত চারজন আইনজীবীর মধ্যে তাৎক্ষণিক তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মকবুল হোসেন কাজল, এডভোকেট ইকবাল হোসেন ও এডভোকেট মহসীন রেজা সরকার।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম বলেন, সকালে নয়জন আইনজীবী গাজীপুর থেকে কিশোরগঞ্জের হাওর এলাকায় ভ্রমণে আসেন। বিকালে মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে অটোরিকশায় যাওয়ার সময় পর্যটকবাহী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তাদেরকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান।

গুরুতর আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অষ্টগ্রাম'র অন্যান্য খবর

সর্বশেষ