কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার লক্ষিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন পুকুরে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওমর ফারুক ভূঞা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম এবং শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় পাকুন্দিয়ার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি।
প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস এবং সভাপতিত্ব করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওমর ফারুক ভূঞা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।
আয়োজকরা প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।