‘ফুলের মতো ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো- জ্ঞান-আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৪৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে পাকুন্দিয়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক ভূঁঞা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম এবং পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন।
অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ১৪৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া হলে তাদের আত্মবিশ্বাস বাড়ে। পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হয়। ভবিষ্যতে দেশ গঠনে এসব মেধাবী শিক্ষার্থী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।