কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি বাইসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজনসহ অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা-গাজীপুর-টোক-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া পৌরসদরের বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস এই দুর্ঘটনা ঘটায়।
নিহত দুইজনের মধ্যে একজনের নাম সেলিম মিয়া (৪৫) ও আরেকজনের নাম মো. উজ্জল (৩৫)। তাদের মধ্যে সেলিম মিয়া পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে এবং মো. উজ্জল বর্ষাগাতি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের বাসটি বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।
এ সময় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন।
এছাড়া অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজন এবং বাইসাইকেল আরোহী এই তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরো একজনের মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।