পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

আবু হানিফ | পাকুন্দিয়া
আগস্ট ৫, ২০২৬
পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সম্মাননা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জুলাই যোদ্ধাদের এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো. জালাল উদ্দিন এমপি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ ও আহত যোদ্ধাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে জুলাইয়ের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এর সঠিক বার্তা পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। এ ধরনের আয়োজন সেই দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এ আন্দোলনের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরে আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ ও মো. কামাল উদ্দিন ভিপি কামাল, সাবেক প্যানেল মেয়র আব্দুল কুদ্দুস, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ