কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবন ও মাদক ক্রয়-বিক্রয়ের অপরাধে সালমান (২৩) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সালমান উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ষাইটকাহন গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, স্থানীয় বাসিন্দারা সালমানকে দেশীয় অস্ত্রসহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে মাদক সেবন ও মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগে শুনানি শেষে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে পাকুন্দিয়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।