কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার দুই দিন পর কৃষক সিরাজ উদ্দিন মোড়ল (৬৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ জুলাই) সকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমি এলাকায় নদীতে তার মরদেহ ভেসে উঠে।
মারা যাওয়া কৃষক সিরাজ উদ্দিন মোড়ল পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত রইছ উদ্দিন মোড়লের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার বরমি এলাকা থেকে একটি মরদেহ উদ্ধারের খবর পান তারা। পরে নিহতের স্বজনরা সেখানে গিয়ে মরদেহটি সিরাজ উদ্দিন মোড়লের বলে শনাক্ত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে সিরাজ উদ্দিন মোড়ল নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে নিজের জমিতে কৃষিকাজ করতে যান।
দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে নদীর তীরে তার নৌকাটি পাওয়া যায়। তবে তার কোনো সন্ধান মেলেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন তল্লাসি চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি।
অবশেষে রবিবার (১২ জুলাই) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি এলাকায় ব্রহ্মপুত্র নদে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় কৃষক সিরাজ উদ্দিন মোড়লের পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।