জাতিসংঘ পদকে ভূষিত শহীদ শান্তিরক্ষী জাহাঙ্গীর আলম

স্টাফ রিপোর্টার | পাকুন্দিয়া
জুন ৭, ২০২৬
জাতিসংঘ পদকে ভূষিত শহীদ শান্তিরক্ষী জাহাঙ্গীর আলম

সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সেনাসদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩০)।

স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পক্ষ থেকে পদকগুলো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের সাহস, আত্মত্যাগ এবং নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত শান্তিরক্ষীরা হলেন- করপোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট সান্তো মণ্ডল। তারা ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘের পতাকাতলে দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় নিহত হন।

শহীদ শান্তিরক্ষী মোহাম্মদ জাহাঙ্গীর আলম পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের মো. হজরত আলীর ছেলে।

তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় জাহাঙ্গীর আলম ২০১৪ সালের ১৪ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। এরপর গত বছরের ৭ নভেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদান যান তিনি।

সেখানে দায়িত্ব পালনকালে মাত্র এক মাস ৭ দিন পর ১৩ ডিসেম্বর ঘটে মর্মন্তুদ ঘটনাটি। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হন জাহাঙ্গীর আলমসহ বাংলাদেশের ৬ সেনাসদস্য।

শহীদ শান্তিরক্ষী জাহাঙ্গীর আলমের মরদেহ দেশে আনার পর ২১ ডিসেম্বর সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারাকান্দি গ্রামের বাড়িতে দাফন করা হয়।

শহীদ শান্তিরক্ষী জাহাঙ্গীর আলমের স্ত্রী ও এক শিশু সন্তান রয়েছে।

প্রসঙ্গত, ড্যাগ হ্যামারশোল্ড পদক ১৯৯৭ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রবর্তিত একটি মরণোত্তর সম্মাননা, যা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে নিহত সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্যদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ