নান্দাইলে ১৪৪ ধারা অব্যাহত, মামলা, গ্রেপ্তার ১, পুরুষশূন্য গ্রাম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি | সারা দেশ
জুন ৬, ২০২৬
নান্দাইলে ১৪৪ ধারা অব্যাহত, মামলা, গ্রেপ্তার ১, পুরুষশূন্য গ্রাম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের খারুয়া মাদ্রাসা বাজারে জমির পজিশন নিয়ে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও লুটপাটের ঘটনার পর জারি করা ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবারের (৪ জুন) এ সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। শুক্রবার (৫ জুন) নান্দাইল মডেল থানায় উভয় পক্ষের লোকজনকে আসামি করে পুলিশ মামলাটি (নং- ৫ (৬) ২০২৬) দায়ের করে।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (৫ জুন) বিকালে খারুয়া চৌধুরীপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে সাদত হোসেন (৪২) কে গ্রেপ্তার করে। শনিবার (৬ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি রয়েছে এবং গ্রেপ্তার আতঙ্কে পুরো এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খারুয়া মাদ্রাসা বাজারের দোকানের সামনে রাস্তার পজিশন দখল নিয়ে স্থানীয় আব্দুর রব ভূইয়া ও শওকত আলী মাস্টারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত বৃহস্পতিবার (৪ জুন) দুপক্ষের শত শত লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষ চলাকালে বাজারের একটি ফার্নিচারের দোকান, একটি রড-সিমেন্টের দোকান এবং একটি মুদি দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। পরে ওই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন।

ঘটনার পরদিন শুক্রবার (৫ জুন) ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা, দাঙ্গা ও লুটপাটের অভিযোগে থানায় মামলা রুজু করা হয়েছে এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং ১৪৪ ধারা বলবৎ রাখা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।