কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাঞ্চল্যকর সানি (২২) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত মফিজুল (৩৫)কে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম সোমবার (১ জুন) বিকালে জয়পুরহাট সদর থানার চিনির কল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।
গ্রেপ্তার হওয়া মফিজুল উপজেলার হিজলীয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
অন্যদিকে নিহত সানি একই গ্রামের কাতার প্রবাসী হাদিউল ইসলামের ছেলে। গত ২৩ এপ্রিল রাতে সানিকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত সানির স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে পরদিন ২৪ এপ্রিল পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করেন। এই মামলার প্রধান আসামি মফিজুল।
র্যাব জানায়, মামলা দায়েরের পর থেকেই র্যাব-১৪ সানি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত শুরু করে।
এর ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম সিপিসি-৩, র্যাব-৫, জয়পুরহাটের সহায়তায় মফিজুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।