হাওরের কৃষককে বাঁচাতে দেশীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইলেন ফজলুর রহমান এমপি

বিশেষ প্রতিনিধি | কৃষি
মে ৩, ২০২৬
হাওরের কৃষককে বাঁচাতে দেশীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইলেন ফজলুর রহমান এমপি

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান গভীর বেদনা ও আবেগঘন কণ্ঠে বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ যখন আঘাত হানে, তখন তা কেবল দৃশ্যমান ক্ষতিই রেখে যায় না- মানুষের অন্তরের গভীরে গেঁথে দেয় এক দীর্ঘস্থায়ী বেদনার চিহ্ন। এবারের বন্যা যেন সেই নির্মম বাস্তবতারই এক জীবন্ত প্রতিচ্ছবি। এটি শুধু ফসলি জমিকে গ্রাস করেনি, কেড়ে নিয়েছে হাজারো কৃষকের রক্ত-ঘামে গড়া স্বপ্ন, তাদের বুকভরা আশা আর বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও।

তিনি বলেন, এ যেন শুধু জমি ডোবার গল্প নয়- এ যেন মানুষের কপাল ডোবার গল্প।

ভাগ্যের নির্মম পরিহাসে আজ হাওরের বিস্তীর্ণ প্রান্তরে আর সোনালি ধানের ঢেউ নেই; আছে শুধু নিঃশব্দ পানি আর কৃষকের চোখভরা অশ্রু। যে জমিতে কয়েকদিন আগেও ছিল জীবনের গান, সেই জমিই আজ যেন নীরব শোকগাঁথা হয়ে দাঁড়িয়ে আছে। কৃষকের মুখে নেই কোনো ভাষা- তাদের নীরবতা, তাদের দীর্ঘশ্বাস আর বুকফাটা কান্নাই যেন সব কথা বলে দিচ্ছে।

এই কঠিন বাস্তবতার মাঝেও আশা হারাতে নারাজ ফজলুর রহমান। দৃঢ় প্রত্যয়ে বলেন, এই দুর্যোগ আমাদের মনোবল ভেঙে দিতে পারবে না। এ দেশের কৃষক বারবার প্রকৃতির নির্মম আঘাতে বিপর্যস্ত হয়েছে, তবুও তারা কখনো থেমে থাকেনি, কখনো হার মানেনি। কৃষকরাই এই দেশের প্রাণ; তাদের ঘাম, তাদের পরিশ্রমেই গড়ে ওঠে আমাদের অর্থনীতি, আমাদের জীবনের ভিত্তি।

ফজলুর রহমান বলেন, আজ হাওরের কৃষক দুঃখে ভেঙে পড়েছে, কিন্তু এই ভাঙন চিরস্থায়ী নয়। তাদের অদম্য সাহস, কঠোর পরিশ্রম আর মাটির সঙ্গে অটুট সম্পর্কই তাদের আবার ঘুরে দাঁড়াতে শক্তি দেবে। আমরা সবাই তাদের পাশে থাকলে, তাদের কষ্ট ভাগ করে নিলে- ইনশাআল্লাহ, আবারও এই হাওরের বুক ভরে উঠবে সোনালি ফসলে, আবারও কৃষকের মুখে ফুটবে হাসি।

তার এই কথাগুলো যেন শুধু একটি বক্তব্য নয়; বরং হাওরপাড়ের অসহায় মানুষের জন্য এক টুকরো সান্ত্বনা, একফোঁটা আশার আলো, যা অন্ধকারের মাঝেও পথ দেখায় সামনে এগিয়ে যাওয়ার।

গত শুক্রবার (১ মে) ও শনিবার (২ মে) জেলার মিঠামইন, ইটনা এবং অষ্টগ্রাম উপজেলার বিস্তীর্ণ হাওর এলাকা সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এই দুই দিনে হাওরের বুকজুড়ে যা দেখেছেন, তা যেন কেবল একটি প্রাকৃতিক দুর্যোগের চিত্র নয়- বরং একটি জনপদের স্বপ্নভঙ্গের নির্মম দলিল।

দিগন্তজোড়া হাওরজুড়ে কিছুদিন আগেও যেখানে পাকা ধানের সোনালি ঢেউ বাতাসে দুলে জীবনের গান শুনিয়েছিল, সেখানে আজ কেবল স্তব্ধ, নিঃশব্দ পানি। সেই সোনালি প্রান্তর এখন পানির নিচে নিথর হয়ে পড়ে আছে; যেন প্রাণহীন এক বিস্তৃতি। পানির নিচে চাপা পড়ে থাকা ধানগাছগুলো যেন কৃষকের ভেঙে যাওয়া স্বপ্নের প্রতিচ্ছবি হয়ে নীরবে কাঁদছে।

যে মাঠে কৃষকের হাসি ছিল, যে জমিতে ছিল বছরের একমাত্র আশার আলো; সেই জমিই আজ তাদের বেদনার সবচেয়ে বড় কারণ। হাওরের বুকজুড়ে নেই আর কোনো প্রাণের চাঞ্চল্য; আছে শুধু হাহাকার, দীর্ঘশ্বাস আর বুকভরা শূন্যতা। কৃষকের চোখে আজ আর স্বপ্নের ঝিলিক নেই; সেখানে জমেছে অশ্রু আর অনিশ্চয়তার ঘন অন্ধকার।

অনেক কৃষক পানির ধারে দাঁড়িয়ে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছেন তাদের ডুবে যাওয়া ফসলের দিকে; কেউ কিছু বলছেন না, কিন্তু তাদের নীরবতাই যেন হাজারো কথার চেয়ে বেশি গভীর। কেউ আবার কান্না চেপে রাখতে পারছেন না, বুকভরা কষ্ট নিয়ে বলছেন “এই ধানই ছিল আমাদের সবকিছু, এখন আমরা কীভাবে বাঁচব?”

এই দৃশ্য শুধু একটি এলাকার নয়, এটি যেন পুরো কিশোরগঞ্জ জেলার হাওরাঞ্চলের মানুষের দুঃখ, কষ্ট আর অসহায়ত্বের এক করুণ প্রতিচ্ছবি; যেখানে প্রকৃতির কাছে মানুষ বারবার পরাজিত হলেও বেঁচে থাকার লড়াই থেকে সরে দাঁড়ায় না।

পরিদর্শনের সময় দেখা যায়, কেউ পানিতে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছেন, কেউ আবার তলিয়ে যাওয়া সোনালী ধানের দিকে তাকিয়ে নির্বাক হয়ে আছেন। অনেকেই বলছিলেন, “এই ধানই ছিল আমাদের বছরের একমাত্র ভরসা, এই ধান দিয়েই চলতো সংসার।” কিন্তু প্রকৃতির নির্মম আঘাতে সেই ভরসাটুকুও মুহূর্তেই ভেঙে পড়েছে। বুকভরা কষ্ট নিয়ে অনেক কৃষকই বলছিলেন, তাদের কাছে এখন আর কিছুই অবশিষ্ট নেই।

এই হৃদয়বিদারক দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি বলেন, “আমাদের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষ করেই আমি আমার এলাকার মানুষের এই দুঃখের সময়ে ছুটে এসেছি। এখানে এসে যা দেখছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। মানুষের চোখের পানি আর আহাজারি এটাই আজকের বাস্তবতা।”

তিনি দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সবাই এগিয়ে আসুন। হাওর অঞ্চলের এই অসহায় মানুষগুলো আজ সত্যিই সাহায্যের অপেক্ষায় আছে। বহু বছর পর এমন ভয়াবহ দুর্যোগ নেমে এসেছে, যেখানে প্রায় সব ফসল পানির নিচে তলিয়ে গেছে। এখন তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।”

ক্ষতিগ্রস্ত কৃষকদের আশ্বস্ত করে ফজলুর রহমান বলেন, সরকার ইতোমধ্যে তাদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য অন্তত তিন মাসের বিশেষ প্রণোদনা দেওয়া হবে। আমি নিজেও পুরো এলাকা ঘুরে দেখছি, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ, আমরা সবাই মিলে এই কঠিন সময় পার করতে পারব।

কৃষি'র অন্যান্য খবর

সর্বশেষ