কিশোরগঞ্জে কৃষিভিত্তিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
সেপ্টেম্বর ২০, ২০২৬
কিশোরগঞ্জে কৃষিভিত্তিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে কৃষিভিত্তিক বিভিন্ন উদ্যোগকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। রবিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের এ তাগিদ দেন। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। তিনি জেলার পিছিয়ে থাকা এলাকাগুলোর উন্নয়নে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। এছাড়া জেলার পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন নিয়েও নির্দেশনা দেন।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, কিশোরগঞ্জের রাতাবোরো চাল এবং পনির জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ দুটি পণ্যের বিকাশে আমাদের কাজ করতে হবে। এছাড়া হাওরে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা হাঁসের খামার ঘিরেও যথেষ্ঠ ভালো সম্ভাবনা তৈরি রয়েছে। হাওরে হাঁসের খামার সম্প্রসারণে যে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, আমরা গ্রহণ করবো। এক্ষেত্রে ভ্যাকসিনসহ যেসব বিষয়ে আমাদের ঘাটতি রয়েছে, সেগুলো পূরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এছাড়া কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমাদের নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। একই সঙ্গে উদ্যোক্তা ডাটাবেইজ তৈরি করা হবে যেন আমাদের উদ্যোক্তারা প্রয়োজনীয় সহায়তা নিয়ে তাদের উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা চাই কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, পর্যটন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, গ্রামীণ শিল্প, প্রযুক্তিনির্ভর ব্যবসাসহ সব ক্ষেত্রেই আমাদের উদ্যোক্তারা ভূমিকা রাখুক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমনের সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ আলোচনায় অংশ নেন।

এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

সর্বশেষ