তাড়াইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পুরুড়া উচ্চ বিদ্যালয়

আমিনুল ইসলাম বাবুল | তাড়াইল
জুলাই ২৮, ২০২৬
তাড়াইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পুরুড়া উচ্চ বিদ্যালয়

কিশোরগঞ্জের তাড়াইলে ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬। যুক্তি, তথ্য ও বিশ্লেষণধর্মী উপস্থাপনায় উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ১২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এই বিতর্ক প্রতিযোগিতায়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘পুরুড়া উচ্চ বিদ্যালয়’। দুর্নীতি প্রতিরোধে নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরে দলটির বিতার্কিকদের বক্তব্য সবার প্রশংসা কুড়িয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে জেলা দুর্নীতি দমন কমিশন এবং তাড়াইল উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার বিকাশ রায়, জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমরুল হাসান দোলন।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আল অমিন, উপজেলা শিক্ষা অফিসার মো. এনামুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন। মডারেটর ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. হাসিফুর রহমান নাদিম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুলের পক্ষে সহকারী শিক্ষক কুতুব উদ্দিন আহমেদ।

ফাইনালে মুখোমুখি হয় ‘পুরুড়া উচ্চ বিদ্যালয়’ ও ‘তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়’। ‘দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন আইনি ব্যবস্থার চেয়ে অধিক কার্যকর’ বিষয়ের পক্ষে ও বিপক্ষে দুই দলের ক্ষুদে বিতার্কিকরা সামাজিক সচেতনতা, জনসম্পৃক্ততা, আইনের শাসন এবং রাষ্ট্রীয় ব্যবস্থার নানা দিক তুলে ধরে যুক্তি উপস্থাপন করেন। তাদের আত্মবিশ্বাসী, তথ্যনির্ভর ও পরিপক্ব উপস্থাপনা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক এবং দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শৈশব থেকেই সততা, ন্যায়বোধ, দায়িত্বশীলতা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। চ্যাম্পিয়ন দল পুরুড়া উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহবুবা জান্নাত ভূঞা রাকা শ্রেষ্ঠ রক্তা নির্বাচিত হন।

তাড়াইল'র অন্যান্য খবর

সর্বশেষ