নিকলীর হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার | নিকলী
জুলাই ১২, ২০২৬
নিকলীর হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের নিকলীর হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর শফিকুল ইসলাম তুলু (২৮) নামে এক পর্যটকের মরদেহ রবিবার (১২ জুলাই) উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার ঘোড়াউত্রা নদীতে তার মরদেহটি ভেসে উঠে। খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

মারা যাওয়া পর্যটক শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

এর আগে শুক্রবার (১০ জুলাই) নিকলীর হাওরে ঘুরতে এসে বিকাল ৩টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার ঘোড়াউত্রা নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।

নিকলী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আহসান হাবীব নিখোঁজ হওয়া পর্যটক শফিকুল ইসলাম তুলু’র মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে আসছিলো। রবিবার (১২ জুলাই) সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঘোড়াউত্রা নদীতে তার মরদেহ ভেসে উঠে।

স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শুক্রবার (১০ জুলাই) সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২০-২৫ জনের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে।

দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় পৌঁছালে তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় শফিকুল ইসলামসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন।

একপর্যায়ে শফিকুল ইসলাম পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় শুক্রবারের (১০ জুলাই) অভিযান স্থগিত করা হয়।

পরে শনিবার (১১ জুলাই) সকাল থেকে উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু সেদিনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে রবিবার (১২ জুলাই) সকালে তার মরদেহ ভেসে উঠে।

ওসি মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।